দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি অর্থনৈতিক অঞ্চলকে (ইপিজেড) সবুজ, আধুনিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের ১০ম সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে সরকারের জাতীয় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংগতি রেখে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় পরিসরে সবুজায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এর অংশ হিসেবে প্রাথমিক ধাপে প্রতিটি ইপিজেডে সর্বমোট ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে। শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে, সে জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশবান্ধব আবহে কারখানা চালুর ওপর জোর দেওয়া হয়।
সভায় সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও মূল্যায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের অব্যবহৃত জমি ও পরিকাঠামোকে আধুনিক শিল্প কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসব এলাকায় নতুন শিল্প গড়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতি চাঙা করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর নতুন লাইসেন্স দেওয়া ও আবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ এবং নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও সভায় সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বেজার গভর্নিং বোর্ডের বিগত ৯ম সভার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি খতিয়ে দেখা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/এসবি/একে