দেশব্যাপী মূল্যবোধভিত্তিক ও মানসম্মত আধুনিক শিক্ষা বিস্তারে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যামব্রিজ কারিকুলাম ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে গঠিত ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (এআইআইআই)’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
একই অনুষ্ঠানে সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর সেনানিবাসে প্রতিষ্ঠিত হতে যাওয়া এআইআইআই-এর আঞ্চলিক শাখাগুলোরও ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণে ইংরেজি মাধ্যমের ক্যামব্রিজ কারিকুলামের সঙ্গে ইসলামিক ও নৈতিক শিক্ষার সুষম সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এআইআইআই।
সেনাবাহিনী আশা প্রকাশ করে, আন্তর্জাতিক মানের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার অনন্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর সার্বজনীন আলোর সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে সুদূরপ্রসারী নেতৃত্ব প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে