লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরির নাম ঘোষণা করেছে সৌদি আরব। সদ্য প্রতিষ্ঠিত এই বহুজাতিক জোটে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।
৩২ বছরেরও বেশি সময় ধরে সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন আল-শেহরি রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসের পরিকল্পনা, বাজেট ও বাহিনী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান এবং ‘সারাওয়াত প্রকল্পের’ তদারকিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
স্পেনের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা নীতি এবং যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর আল-শেহরি যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
গত ৩০ জুলাই বাংলাদেশসহ ১৪টি দেশের স্বাক্ষরে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ গঠিত হয়।
সৌদি আরব ছাড়া জোটের বাকি সদস্যরা হলো- বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।
প্রতিষ্ঠাতা দেশ সৌদি আরবেই বসছে এই আত্মরক্ষামূলক জোটের প্রধান কার্যালয়। জোটের মূল কার্যপরিধির মধ্যে রয়েছে- ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করা তিন জলপথে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখা ও গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং একযোগে নৌ অভিযান পরিচালনা।
জোট গঠনের আলোচনায় ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল অংশ নেয়। তবে ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ থাকলেও সংযুক্ত আরব আমিরাত বা ওমান এতে সই করেনি।
জাতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য দেশের জন্যও এতে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।
দেশবার্তা/একে