আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের সুযোগে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (এক বছরের সাজাপ্রাপ্ত) এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী (১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত)। তাঁরা দুজনই পৃথক চেক ডিজঅনার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি।
শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রাম থেকে মোজাম গাজীকে এবং গভীর রাতে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রাম থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা কারাগার প্রশাসন জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় মোট ৮৭ জন কারাবন্দী পালিয়ে যান। ওই ঘটনায় করা মামলায় পুলিশ এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। আত্মগোপনে থাকা বাকি ৩৯ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/আরএইচ