সিলেটে ট্রিপল মার্ডার: ৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি, আটক বাবুল কারাগারে

সিলেট অফিস

সারাদেশ

সিলেট মহানগরীর রায়নগরে একই পরিবারের দম্পতি ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। পরিবারের

2026-08-14T16:14:57+06:00
2026-08-14T16:14:57+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে ট্রিপল মার্ডার: ৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি, আটক বাবুল কারাগারে
সিলেট অফিস
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট মহানগরীর রায়নগরে একই পরিবারের দম্পতি ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নিহত দম্পতির একমাত্র ছেলে দেশে ফেরার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি বাসায় পৌঁছান। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হতে পারে।

এদিকে, পুলিশ আটক বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)।

ময়নাতদন্তে নিহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, তাহমিনার শরীরে ১৭ থেকে ১৮টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরাইয়া বেগমের ডান হাতের চারটি আঙুল কাটা ছিল। তাঁর শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আব্দুস সাত্তারের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বাবুল মিয়াকে আটক করা হয়। তিনি রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির মৃত নূর মিয়া কবিরাজের ছেলে। বর্তমানে তিনি সিলেটে বসবাস করলেও তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চাঁদপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি আগে ওই বাসায় রঙ করার কাজ করেছিলেন। সেই সূত্রে গৃহকর্মী তাহমিনার সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ হয়।

পুলিশের দাবি, তাহমিনার কোনো আচরণে বাবুল ক্ষুব্ধ হন। ওই ক্ষোভ থেকেই প্রথমে তাহমিনাকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে সুরাইয়া বেগম এবং পরে আব্দুস সাত্তারও ছুরিকাঘাতের শিকার হন। জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন, ঘটনার পর তিনি বারান্দা দিয়ে পালিয়ে যান।

তবে হত্যাকাণ্ডের এসব তথ্য এখনো তদন্তাধীন। মামলার পর তদন্তে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।

বৃহস্পতিবার সকালে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়নগরের একটি খালি জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোরাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ছোরায় থাকা রক্তের সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের বেসিন ও হাত ধোয়ার স্থানেও রক্তের চিহ্ন পাওয়া গেছে। ছোরার ধাতব অংশ এবং একটি ব্যাগে শুকনো রক্তের দাগ রয়েছে। এসব আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।

এ ছাড়া ঘটনাস্থলে দরজার নিচের ছোট ছিটকানি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বাবুল যে বারান্দা দিয়ে পালানোর কথা বলেছেন, সেখানকার রেলিংয়ে হাত ও পায়ের ছাপ এবং নিচে রক্তের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে নিহত দম্পতির দুই মেয়ে ও এক মেয়েজামাই দেশে এসে মরদেহ গ্রহণ করেন। পরে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ বাসায় নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হলেও বিকেল পর্যন্ত কোনো এজাহার দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে নিহত আব্দুস সাত্তারের একমাত্র ছেলে ও সাবেক ছাত্রদল নেতা আরিফ ইফতেখার দেশে ফেরেন। এরপরও বিকেল পর্যন্ত মামলা হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দানে নিহত দম্পতির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের মানিক পীর কবরস্থানে দাফন করা হয়।

মামলা না হওয়ায় বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করে পুলিশ। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, তিনজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিহত দম্পতির পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হতে পারে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]