নাট্যকেন্দ্র জানিয়েছে, দক্ষ অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় ‘পুণ্যাহ’র অন্যতম প্রধান শক্তি। ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ অনেক পরিচিত মুখ এতে অভিনয় করছেন। নতুন ও অভিজ্ঞ অভিনেতাদের সমন্বয়ে নির্দেশক ইউসুফ হাসান অর্ক নাটকটি মঞ্চে তুলে ধরেছেন
নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘পুণ্যাহ’। আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বদরুজ্জামান আলমগীর রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
নাটকের কাহিনিতে কাঁকুড়গাছি নামের একটি গ্রামে ভয়াবহ এক ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হয়। এর পর গ্রামের মানুষ পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায় আটকে পড়ে। হিংস্রতা, বিদ্বেষ ও সামাজিক সংস্কারের জালে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জনপদ। একপর্যায়ে কাঁকুড়গাছির মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রাম গোটা বিশ্বের সংগ্রামের প্রতীকে পরিণত হয়।
নাট্যকেন্দ্র জানিয়েছে, দক্ষ অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় ‘পুণ্যাহ’র অন্যতম প্রধান শক্তি। ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ অনেক পরিচিত মুখ এতে অভিনয় করছেন। নতুন ও অভিজ্ঞ অভিনেতাদের সমন্বয়ে নির্দেশক ইউসুফ হাসান অর্ক নাটকটি মঞ্চে তুলে ধরেছেন।
আলো, মঞ্চসজ্জা, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে দর্শকদের জন্য ‘পুণ্যাহ’ একটি নান্দনিক নাট্য-অভিজ্ঞতা তৈরি করবে বলে জানিয়েছে নাট্যকেন্দ্র।
নাটকটির প্রদর্শনী ও অগ্রিম টিকিটের বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১১৫৪৮৬৫৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
দেশবার্তা/এমআর