বঙ্গোপসাগরে এমভি ওশান উইনার নামে সিঙ্গাপুরগামী একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শনিবার ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ নাবিকসহ কার্গো জাহাজটি ডুবে যায়। জাহাজটির ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে লাইফ র্যাফট থেকে উদ্ধার করা হয়েছে।
পানামার পতাকাবাহী জাহাজটি ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।
ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটের দিকে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছেড়ে যায়।
ভারতীয় কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানানো হয় এবং উদ্ধার অভিযানে সহায়তা চাওয়া হয়।
খবর পাওয়ার পর এমআরসিসি আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। এমটি আইসোপোস নামের একটি জাহাজকে এমভি ওশান উইনার অথবা কোনো লাইফ র্যাফটের সন্ধানে পাঠানো হয়। পরে ওই জাহাজটি দুটি আলাদা লাইফ র্যাফট থেকে দুজন নাবিককে উদ্ধার করে।
এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের বরদ ও অনমোল জাহাজকে অভিযানে পাঠানো হয়েছে। শ্রী বিজয়া পুরম থেকে বিজিত নামের আরও একটি কোস্টগার্ড জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। আশপাশে থাকা অন্য জাহাজগুলোকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতা করতে বলা হয়েছে।
দেশবার্তা/এমআর