জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের পরিবর্তন ও উন্নয়ন ঘটাতে পারে। দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যুবসমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। বেকারত্ব দূর করতে বিভিন্ন হাটবাজারে জীবিকা নির্বাহের ব্যবস্থাও করা হয়েছিল।
তিনি আরও বলেন, যুবসমাজের রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই যুবকরাই দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।
আলোচনা সভা শেষে সাতজন যুবকের মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পরে গাছের চারা রোপণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ