ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটেও হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে পৃথক এ দুটি ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ বিশ্লেষণ টুল
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করছিল ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি। এ সময় কালো হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। বোমাটি বাসের সামনের চাকার অংশে লাগে। এতে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখা যায়। তবে চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এরপর মঙ্গলবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের বাইরে থেকে ভেতরে একটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। ফলে এ ঘটনায়ও কেউ হতাহত হননি।
এ দুটি ঘটনায় এখন পর্যন্ত নিক্ষেপকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের ধারণা, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে।
বাসে পেট্রোল বোমা নিক্ষেপের পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। সংগঠন দুটির নেতাকর্মীরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী অরাজকতা সৃষ্টির অংশ হিসেবে ইবিতেও দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। নিরাপত্তা সেলের সদস্যদের প্রচেষ্টায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি আরও জানান, বাসে বোমা নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ক্যাম্পাসের ঘটনার বিষয়ে ইবি থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
দেশবার্তা/এমআর