রাজধানীর বাজারগুলোতে শীত মৌসুমের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দামেও। তবে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ ও মুরগির বাজার এখনো চড়া থাকায় নিত্যদিনের খরচে চাপ রয়েই গেছে নিম্ন ও মধ্যবিত্তদের।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকায় এবং মুলা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি মিলছে ২০ থেকে ৪০ টাকার মধ্যে। অন্যান্য শীতকালীন সবজির বেশিরভাগই রয়েছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে।
তবে শীতের নতুন আলু ও কাঁচা টমেটোর দাম এখনো বেশি; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এছাড়া মৌসুম শেষ হওয়ায় করলা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
এক সবজি বিক্রেতা বলেন, ‘গরমের যেসব সবজি রয়েছে, সেগুলোর দাম বাড়ছে। অন্যদিকে, শীতের সবজিগুলোর দাম প্রতিদিন কমছে। বর্তমানে প্রতি কেজি মুলার দাম ৪০ টাকা, শসার দাম ৬০ টাকা এবং প্রতি পিস লাউয়ের দাম ৬০ টাকা। প্রতি হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা। শিম ও বেগুনের দাম আরও কমবে। মুলার কেজিপ্রতি দামও আমি কমিয়ে দেব।’
সবজির দাম কমতির দিকে থাকলেও মাছ ও মাংসের বাজারে কোনো পরিবর্তন নেই। বাজারে চাষের মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৪০০ টাকা এবং নদীর মাছ ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি সোনালি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ-মাংসের চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ক্রেতা বলেন, ‘মাছ-মাংসের দাম সব সময়ই ঊর্ধ্বমুখী। ইলিশ মাছের কথা বললে, আমরা সাধারণ মানুষ তা কিনতেই পারি না। মাংসের দামও বেশি, মুরগির দামও বেশি। তবে বর্তমানে সবজির দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।’
বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, মাঠপর্যায়ে কৃষকেরা সবজির ন্যায্যমূল্য না পেলেও কয়েক হাত বদলের কারণে ভোক্তাদের তা কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির দাবি জানান তারা।
ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা নিয়ে ক্রেতারা বলেন, ‘আমরা কীভাবে লাভ করব, সেটাই আমাদের মূল চিন্তা। কিন্তু কে কিনতে পারবেন আর কে পারবেন না, সে বিষয়ে ভাবার প্রয়োজন মনে করেন না তারা। ক্রেতার কাছে টাকা আছে কি না, সেটিও তারা বিবেচনা করেন না। এতে স্বল্প আয়ের মানুষের জন্য কেনাকাটা কিছুটা কষ্টকর হয়ে পড়ে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত। সব মানুষের কথা বিবেচনা করেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’
কৃষক যাতে ন্যায্য দাম পান এবং ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন, সে জন্য বাজারে কার্যকর তদারকি জোরদারের প্রত্যাশা করছেন সাধারণ ক্রেতারা।
দেশবার্তা/একে