ভারতের জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম চলতি বছর মুক্তি পাচ্ছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, আগামী ২০২৭ সালে সিরিজটির নতুন মৌসুম দর্শকদের সামনে আসতে পারে।
ছয় বছর আগে গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের প্রথম সিজন মুক্তি পায়। গল্প ও চরিত্রের বৈচিত্র্যে ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়তা পাওয়া সিরিজটির সর্বশেষ অর্থাৎ চতুর্থ কিস্তি মুক্তি পেয়েছিল গত বছরের জুনে। এরপরই পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং চলতি বছরই তা মুক্তির কথা ছিল। তবে সংশ্লিষ্টরা এবার তা পিছিয়ে যাওয়ার কথা জানালেন।
মুক্তির বিলম্বের খবরটি জানাতে অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজটির গ্রামীণ আবহের সঙ্গে মিল রেখে দেয়াল লিখনের আদলে তৈরি ঘোষণার একটি ছবি প্রকাশ করেছে। ওই পোস্টে সিরিজের আলোচিত চরিত্র ভূষণ ওরফে বানরাকসের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্যাগ করা হয়। সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘প্রধানপতির (পঞ্চায়েত প্রধান) ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’
তবে রসিকতার সুরে মুক্তির বিলম্বের খবর দেওয়ায় দর্শকদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে নতুন মৌসুমের নির্দিষ্ট কোনো মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ মৌসুমের অসমাপ্ত গল্পের অনেক প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে। এবারের মৌসুমে ভূষণ ওরফে বানরাকসের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে ফুলেরা গ্রামের পঞ্চায়েত সচিব হিসেবে আসা অভিষেক ত্রিপাঠির মূল চরিত্রে যথারীতি ফিরছেন জিতেন্দ্র কুমার।
দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এই সিরিজটি রচনা করেছেন চন্দন কুমার এবং পরিচালনায় রয়েছেন দীপক কুমার মিশ্র।
দেশবার্তা/একে