মিস ইউনিভার্সে কেমন কাটছে মাহির দিন

বিনোদন ডেস্ক

বিনোদন

স্বপ্নটা ছিল অনেক দিনের। সেই স্বপ্নের পথে এবার এক ধাপ এগিয়ে গেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

2026-11-19T15:28:59+06:00
2026-11-19T15:28:59+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মিস ইউনিভার্সে কেমন কাটছে মাহির দিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম 
⏲
স্বপ্নটা ছিল অনেক দিনের। সেই স্বপ্নের পথে এবার এক ধাপ এগিয়ে গেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। দেশের সীমানা পেরিয়ে এখন তাঁর ঠিকানা ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। সেখানে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে চলছে তাঁর প্রতিদিনের ব্যস্ততা। মঞ্চের মহড়া, ফটোশুট, সাক্ষাৎকার, বিভিন্ন আনুষ্ঠানিকতা– সব মিলিয়ে দম ফেলারও যেন সময় নেই। গত ৮ নভেম্বর মিস ইউনিভার্সের আয়োজনে অংশ নিতে দেশ ছাড়েন মাহি।

১১ নভেম্বর থেকে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। নির্ধারিত হোটেলে উঠেছেন তিনি। তাঁর রুমমেট হয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী দিয়ানা স্তেফানি পেরেইরা। প্রতিযোগিতার মঞ্চে নিজেকে প্রস্তুতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হচ্ছেন, ভাগাভাগি করছেন নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা। মাহির কাছে পুরো অভিজ্ঞতাটিই নতুন এক অধ্যায়। তাঁর কথায়, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। মিস ইউনিভার্সের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকের সংস্কৃতি, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব ও জীবনযাত্রা আলাদা। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, প্রতিযোগিতার পাশাপাশি এখানে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে।’ 

মিস ইউনিভার্সের মঞ্চে নিজেকে তুলে ধরার প্রস্তুতি কেবল পোশাক, সাজসজ্জা কিংবা রূপচর্চায় সীমাবদ্ধ নয়। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, কথা বলার ধরন– প্রতিটি বিষয়েই রাখতে হয় বাড়তি মনোযোগ। মাহির দিন শুরু হয় ভোর ৪টায়। ঘুম থেকে ওঠে মেকআপ ও প্রস্তুতি নিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। ভোর সাড়ে ৫টার মধ্যে নেমে সকালের খাবার সেরে সাড়ে ৬টার মধ্যেই বাসে উঠতে হয়। এরপর শুরু হয় একের পর এক আয়োজন।


সারাদিন বিভিন্ন স্থানে রিহার্সাল, স্টেজ প্র্যাকটিস, ফটোশুট, ইন্টারভিউ ও স্পনসরদের কার্যক্রমে অংশ নিতে হয়। রাতেও থাকে ডিনারসহ আরও কয়েকটি আয়োজন। সব শেষ করে হোটেলে ফিরতে ফিরতে রাত ১২টা। এরপর পরদিনের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গোসল সেরে ঘুমাতে যেতে যেতে বেজে যায় রাত ১টা কিংবা দেড়টা। সব মিলিয়ে ঘুমানোর সুযোগ মেলে মাত্র দুই থেকে তিন ঘণ্টা। এত অল্প বিশ্রামে কীভাবে সামলাচ্ছেন? জানতে চাইলে মাহি বলেন, ‘তারপরও এত ব্যস্ততার মধ্যে চেষ্টা করছি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে এবং নিজের সেরাটা দিতে। কারণ, এমন অভিজ্ঞতা জীবনে বারবার আসে না।’ 

বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প
আন্তর্জাতিক এই আয়োজনে নিজের দেশকে তুলে ধরার সুযোগটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক, ভাষা ও ঐতিহ্য সম্পর্কে জানতে চাইছেন। তাদের সঙ্গে দেশের সৌন্দর্য, মানুষের আতিথেয়তা ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় ভাগ করে নিচ্ছেন তিনি। মাহি বলেন, ‘বাংলাদেশের নাম শুনে অনেকেই খুব আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে আমাদের সংস্কৃতি, খাবার, পোশাক, ভাষা এবং দেশ সম্পর্কে জানতে চাইছেন। আমি যখন বলি, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের জনসংখ্যা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের ভালোবাসা অনেক সমৃদ্ধ, তখন তারা বেশ আগ্রহ নিয়ে শোনেন।’ তাঁর কাছে এই প্রতিযোগিতা তাই কেবল নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশ নয়; বরং বাংলাদেশের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরারও একটি সুযোগ। সে কারণেই প্রতিটি আয়োজনের জন্য নিজেকে প্রস্তুত করছেন আলাদাভাবে। 

ভোটের লড়াইয়ে এগিয়ে
মঞ্চের প্রস্তুতির পাশাপাশি চলছে আরেকটি লড়াই– দর্শকদের ভোট পাওয়ার লড়াই। মিস ইউনিভার্সের এবারের আসরে দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। ফলে প্রতিযোগিতার ফলাফলে ভোটও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ভোটের হিসাবেও ভালো অবস্থানে রয়েছেন মাহি। সপ্তাহ শেষে প্রকাশিত হিসাবে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন মাহি। আর অলটাইম ভোটের তালিকায় প্রতিবেদনের সময় তাঁর অবস্থান তৃতীয়। ভোটের মাধ্যমে নির্ধারিত পয়েন্টের হিসাবে তাঁর সংগ্রহ ৭৮ কোটি ৮০ লাখ। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রস্তুতির পাশাপাশি ভোটের লড়াইয়েও বাংলাদেশের মানুষের সমর্থন পাচ্ছেন তিনি।

এই সমর্থনকে নিজের শক্তি হিসেবে দেখছেন মাহি। দেশের মানুষের কাছে ভোট চেয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার। আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’ ভোট দেওয়ার জন্য ‘এমইউ ফ্যান’ (MU Fan) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করতে হবে।

মিস ইউনিভার্সের এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন এতে। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন। সেই মঞ্চের অপেক্ষায় এখন মাহি। প্রতিদিনের প্রস্তুতি, নতুন অভিজ্ঞতা এবং দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। একজন অভিনেত্রী ও মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর আগে থেকেই রয়েছে। তবে মিস ইউনিভার্সের মঞ্চ আলাদা।

এখানে নিজের পাশাপাশি প্রতিনিধিত্ব করতে হচ্ছে একটি দেশকে, তুলে ধরতে হচ্ছে তার সংস্কৃতি ও পরিচয়। এই দায়িত্বের গুরুত্বও অনুধাবন করছেন মাহি। তাঁর কাছে তাই এবারের যাত্রা শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় বরং নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বিশেষ সুযোগ। এখন অপেক্ষা, ২৪ নভেম্বরের চূড়ান্ত মঞ্চে কতটা উজ্জ্বল হয়ে ওঠেন বাংলাদেশের এই প্রতিনিধি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
আন্দোলন দমনে অর্থের জোগান, কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement