বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত তদন্তের ভিত্তিতে এই প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে বা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে এটি যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক বাতিল করার পর সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আসতে পারে। শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে।
গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।
দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কের হার
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট একজন জানান, প্রতিটি দেশের জন্য আলাদা হার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় বড় বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। বিভিন্ন বাণিজ্য চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা রয়েছে। চীনের পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে।
তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলে এটি কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য নির্ধারিত শুল্কের হার আরও বাড়তে পারে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে ইউএসটিআর ও হোয়াইট হাউস সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের মতে, তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে, যেখানে ১৬টি অংশীদারের জন্য আলাদা শুল্কের সুপারিশ থাকতে পারে।
কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকে আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।
তবে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দেওয়া হতে পারে; সে ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত থাকতে পারে।
তদন্তের আওতায় থাকা দেশ ও প্রেক্ষাপট
অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। তালিকায় ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে আগে জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল।
গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগ নিয়ে পৃথক তদন্ত শুরু হয়। সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক এই দুই তদন্তের মাধ্যমে পুনর্বহাল করতে চায় প্রশাসন।
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য মূলত চীনকে দায়ী করছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যে বিশ্ববাজার সয়লাব করছে চীন। বেইজিং এসব অভিযোগ নাকচ করে জানিয়েছে, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে।
ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে চীনা প্রতিষ্ঠানগুলোর কারখানা স্থাপন করে মার্কিন বাজারে পণ্য সরবরাহের বিষয়টিও তদন্তের লক্ষ্য। ওয়াশিংটনের ধারণা, এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা চলছে।
আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্ক রয়েছে। চীনের সব আমদানি পণ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতোমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র; ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর ৭ দশমিক ৫ শতাংশ।
দেশবার্তা/একে