আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল।
আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি বলেও মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। গত রোববার থেকে চলমান এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। তার পরও মাঠে-ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কী করতে চাই সেটা জনগণের সামনে পরিষ্কার করা। আমরা তাদের বলব, এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষি উৎপাদনের উপকরণ পাওয়ার নিশ্চয়তা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই আপনার জন্য স্বাস্থ্যকার্ড, এই কৃষিকার্ড, এই সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ যেখানে আছে, সেখান থেকে আবারও দাঁড় করাতে হবে। টেনে তুলতে হবে। যাদের ইতিহাস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে; তাদের কথাও আমাদের বলতে হবে। যারা ইনিয়ে-বিনিয়ে বলছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্রবন্ধুরা ভালোমতো বলতে পারবেন।
জনগণের সঙ্গে কিছুদিন পরে হয়তো বলবে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। এ রকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল।’