গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে সেরা খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটিতে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দুই পাশে মঙ্গলবার থেকে ফাটল দেখা দিলেও বুধবার (১৭ জুন) সকালে দিকে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
সতর্কতার সাথে চলাফেরার জন্য স্থানীয় প্রশাসন এক পাশে লাল পতাকা টানিয়ে দিলেও এলাকাবাসীর প্রশ্ন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানার পরও কেন স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?
স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন সময়ে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বুধবার সকালে বড় ধরনের ফাটল দৃশ্যমান হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘অনেক দিন ধরেই ব্রিজটি নড়বড়ে ছিল। এখন বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নিলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না।’
এলাকাবাসী জানান, গোসিঙ্গা-সহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক লাখ মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ব্রিজে বড় ফাটল দেখা দেওয়ায় অনেকেই আতঙ্ক নিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত শুরু হলে সেতুটির পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে। তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত সেতুটি সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, ‘ব্রিজে ফাটলের বিষয়টি জানার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। প্রকৌশলী দল পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ঝুঁকি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/আরএইচ