পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান সবসময়ই তাঁর নতুন নতুন স্টাইল ও সাজপোশাক নিয়ে সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয়। নান্দনিক ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করে হরহামেশাই ভক্তদের প্রশংসা পান তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; একগুচ্ছ নতুন ছবিতে ধবধবে সাদা শাড়িতে ধরা দিয়ে অন্তর্জালে ‘শুভ্রতা’ ছড়িয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে সূক্ষ্ম নকশা করা ধবধবে সাদা শাড়ির সঙ্গে দেখা মিলেছে তাঁর। বৈচিত্র্য ছিল তাঁর ব্লাউজেও; হাতার কাছে ছিল রঙিন সুতার নজরকাড়া কাজ।
ছবি: ফেসবুক।
অলংকরণে ভারী কিছু না বেছে সাদিয়া আয়মান গলায় পরেছেন এক লহরের একটি মুক্তার মালা। খোলা চুল আর স্বভাবজাত মিষ্টি হাসির সঙ্গে সাদিয়ার এই সাজপোশাক তাঁকে আরও প্রাণবন্ত ও সতেজ করে তুলেছে। একটি ফুল বাগানকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিয়ে ফটোশুট সম্পন্ন করেছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...’।
পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার জোয়ার ভেসে এসেছে। শুভাকাঙ্ক্ষীদের কেউ মন্তব্য করেছেন ‘আপনি অসম্ভব সুন্দর’, আবার কেউ লিখেছেন ‘সাদা পরী’। অনেকে অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভালোবাসা প্রকাশের ইমোজি দিয়ে।
সাম্প্রতিক সময়ে একাধিক নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম দিয়ে দর্শকের নজর কাড়লেও বর্তমানে কাজের ব্যস্ততা কিছুটা কম রয়েছে এই সম্ভাবনাময় অভিনেত্রীর। তবে কাজের ফাঁকে সামাজিক মাধ্যমে এমন নান্দনিক উপায়ে নিজেকে মেলে ধরা ভক্তদের মাঝে নতুন করে আলোচনা তৈরি করছে।