দক্ষিণ ভারতীয় ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার টানা ব্যস্ততায় এবার সাময়িক বিরতি পড়েছে। সিনেমা, অ্যাকশন, নাচ আর কড়া শারীরচর্চা নিয়ে যাঁর দিনের সিংহভাগ কাটত, শুটিংয়ে চোট পেয়ে আপাতত ঘরেই দিন কাটছে তাঁর।
জানা গেছে, ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে একটি নাচের দৃশ্য ধারণের সময় নিতম্বের পেশিতে আঘাত পান রাশমিকা। চোট বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে পুরোপুরি বিশ্রামে চলে যেতে হয়েছে তাঁকে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে রাশমিকা জানান, আঘাতটির ফলে নিতম্ব থেকে পায়ের সংযোগকারী একটি পেশি স্থানচ্যুত হয়েছে। চোটের জায়গাটি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুদিন সময় লাগবে। ফলে বর্তমানে স্বাভাবিক চলাফেরা, শারীরচর্চা কিংবা পা তুলে হাঁটার মতো কাজগুলো করাও তাঁর জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
শুটিং সেটে বা শারীরচর্চা করতে গিয়ে চোট পাওয়ার ঘটনা রাশমিকার জন্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের শুরুতেও কড়া জিম করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন এই অভিনেত্রী। সেই সময়ও চিকিৎসার কারণে তাঁর বেশ কয়েকটি সিনেমার শুটিং সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল।
তবে সেবার দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছিলেন তিনি। এবার আবারও চোট পাওয়ায় নিজের জীবনযাপন ও কাজের চাপ নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত পেয়েছেন তিনি।
‘মাইসা’ সিনেমাটির কাজ বেশ পরিশ্রমসাধ্য। পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে চোট কাটিয়ে আবারও আগের গতিতে শারীরিক পরিশ্রমের কাজ শুরু করায় শরীর সেই অতিরিক্ত চাপ নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
তবে হঠাৎ পাওয়া এই বাধ্যতামূলক বিরতিকে কেবল দুর্ভোগ হিসেবে দেখতে নারাজ রাশমিকা। বছরের পর বছর ব্যস্ততার কারণে নিজের জন্য যে সময়টুকু পাননি, ঘরবন্দি এই দিনগুলোতে সেটাই উপভোগ করছেন তিনি। এখন বাড়িতে থেকে পর্যাপ্ত ঘুমানো, বই পড়া, স্বজনদের সঙ্গে সময় কাটানো এবং পোষা প্রাণীর সঙ্গে অলস সময় কাটিয়ে দিন পার করছেন তিনি। এমনকি ব্যস্ততায় আগে দেখতে না পারা বিভিন্ন পারিবারিক বিয়ের ছবি ও ভিডিও এখন সময় নিয়ে দেখছেন।
রাশমিকার মতে, জীবনের সব সময় অবিরাম ছুটে চলাটাই শেষ কথা নয়। টানা কাজের ফাঁকে শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যে কতটা জরুরি, এই চোট তাঁকে সেটিই নতুন করে উপলব্ধি করিয়েছে। এখন দ্রুত সুস্থ হয়ে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন এই অভিনেত্রী।
দেশবার্তা/একে