দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন পরিচয়ে। প্রথমবারের মতো গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাঁকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ‘শিকারী’ শিরোনামের নতুন একটি গানের টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নেচে-গেয়ে নজর কেড়েছেন এই অভিনেতা।
চলচ্চিত্রের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যান জায়েদ খান। পরবর্তীতে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে তিনি আর ফেরেননি। তবে মার্কিন মুলুকের বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত মঞ্চ অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করে চলছেন তিনি। অভিনয়ের বাইরে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে উপস্থাপক হিসেবেও পরিচিতি তৈরি করেছেন। এছাড়া শেষ দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পান এই অভিনেতা।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে বড় বাজেটের মিউজিক ভিডিও ‘শিকারী’। ভিডিওতে জায়েদ খানের মূল সহশিল্পী হিসেবে রয়েছেন মডেল ইয়াসমিন।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা নামের কয়েকজন বিদেশি মডেলকেও তাঁর সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে। নির্মাণের কারিগরি দিক সামলাতে মার্কিন টেকনিশিয়ানরাও কাজ করেছেন; যার মধ্যে ভিডিওটির স্টেডিক্যাম অপারেটর ছিলেন এনরিক ক্যামাচো।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এতে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।
আমেরিকার মনোরম সব লোকেশনে দৃশ্যধারণ করা এই ভিডিও চিত্র ও পুরো গানটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে বলে জানানো হয়েছে।
দেশবার্তা/একে