ইউক্রেন যুদ্ধের রাশ টানতে এবং রাশিয়ার জ্বালানি আয়ের পথ বন্ধ করতে মার্কিন সিনেটে একটি বিশেষ বিল পাস হয়েছে। পাস হওয়া এই বিলের অধীনে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ রয়েছে।
শুক্রবার সিনেটে ৮৬-১১ ভোটে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও আল জাজিরা জানায়, আইনটি কার্যকর হলে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনা ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের রপ্তানি খাত নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি পরিবহনে ব্যবহৃত গোপন সামুদ্রিক নেটওয়ার্কগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে।
বিলটি এখন অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে, তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন অবকাশের কারণে আগামী সেপ্টেম্বরের শুরুর আগে সেখানে ভোটের সম্ভাবনা নেই।
বিল পাসের বিষয়ে রিপাবলিকান সিনেটর জিম রিশ জানান, এই উদ্যোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থের প্রবাহে বড় আঘাত হানবে এবং রাশিয়াকে আলোচনার টেবিলে ফেরাতে বাধ্য করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইয়েন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই বিলের তীব্র বিরোধিতা করে দাবি করেছে, এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব বাজার ও জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিনেটে বিলটি পাস হলেও মার্কিন প্রতিনিধি পরিষদে এটি বাধার মুখে পড়তে পারে। ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স ও ডন বেয়ারসহ কয়েকজন সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নতুন শুল্ক আরোপের এই অতিরিক্ত ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অসদুপায়ে ব্যবহৃত হতে পারে। দীর্ঘদিন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে সোচ্চার থাকা প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে।
দেশবার্তা/একে