মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার এ পর্বে অধিকাংশকে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাক বেছে নেন তিনি।
মিস ইউনিভার্সের অন্যতম আলোচিত পর্ব সুইমস্যুটে প্রতিযোগীরা সাধারণত নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে এ পর্বে পোশাক নির্বাচনে ভিন্ন পথ অনুসরণ করেন মাহি।
তার পরনে ছিল ফুলহাতা নীল রঙের ফিটিং পোশাক। এর সঙ্গে যুক্ত নীল রঙের লম্বা কাপড় হাঁটার সময় পেছনে ছড়িয়ে পড়ছিল। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে মাহি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও জানান তিনি।
মাহির এ পোশাক নির্বাচন ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন দর্শক ও অনুসারীরা। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে উপস্থাপন করেন মাহি। ‘মাদারহুড- আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে সেজেছিলেন তিনি।
দেশবার্তা/একে