শিডিউল দিয়েও শুটিংয়ে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। ধারাবাহিক নাটক ‘হাঙামা’র নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, পাভেলের কারণে প্রযোজনা ইউনিট প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে এক সংবাদ সম্মেলনে নির্মাতা এই অভিযোগ করেন। তিনি জানান, গত ১৫ ও ২১ নভেম্বর শুটিংয়ের তারিখ নির্ধারিত থাকলেও পাভেল সেটে উপস্থিত হননি। তার জন্য গাড়ি পাঠানোসহ পুরো ইউনিট প্রস্তুত রাখা হলেও বারবার যোগাযোগের চেষ্টায় অভিনেতার কোনো সাড়া পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে নির্ঝর বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে পাভেল ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে তাকে আবারও কাজের সুযোগ দেওয়া হয়। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর তিনি শুটিংও করেন। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
নির্মাতা জানান, বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে জানানো হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিতব্য ‘হাঙামা’ ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকে।
এ বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।
দেশবার্তা/একে