চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বাহুবলী’ সিনেমার ‘রাজমাতা’ খ্যাত এই অভিনেত্রী বলেন, কেবল নারী নন, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হচ্ছেন; আর এ সমস্যা সিনেমাজগতের গণ্ডি পেরিয়ে অন্যান্য পেশাতেও ছড়িয়ে পড়েছে।
সাক্ষাৎকারে রম্যা কৃষ্ণন বলেন, ‘জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটেই চলেছে। কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। অথচ চলচ্চিত্রজগতের বাইরেও কত নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনও ভেদাভেদ নেই।’
প্রসঙ্গক্রমে আলোচিত এপস্টিন ঘটনার উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।’
একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়ে প্রচলিত গুঞ্জনেরও জবাব দিয়েছেন রম্যা। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট জানিয়ে অভিনেত্রী বলেন, কেবল পেশাগত কারণেই তাঁরা দুজন আলাদা শহরে থাকেন।
দেশবার্তা/একে