চট্টগ্রামে নির্মিত হচ্ছে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক

আশরাফ আহমেদ, চট্টগ্রাম

সারাদেশ

রাস্তা তৈরির কিছুদিন পরই ইউটিলিটি লাইনের কাজের জন্য তা আবার খুঁড়ে ফেলা—নগরজীবনের এই চিরচেনা ভোগান্তি এবার অতীত হতে

2026-11-27T16:48:03+06:00
2026-11-27T16:48:03+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামে নির্মিত হচ্ছে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
আশরাফ আহমেদ, চট্টগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাস্তা তৈরির কিছুদিন পরই ইউটিলিটি লাইনের কাজের জন্য তা আবার খুঁড়ে ফেলা—নগরজীবনের এই চিরচেনা ভোগান্তি এবার অতীত হতে চলেছে। আধুনিক ও টেকসই নগর অবকাঠামো গড়ার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে নির্মিত হচ্ছে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক। মাটির নিচ দিয়ে সুশৃঙ্খলভাবে সব সেবা সংস্থার লাইন নেওয়ার এ প্রযুক্তির মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের সড়ক যোগাযোগব্যবস্থা।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। চসিকের তথ্য অনুযায়ী, বন্দর এলাকা থেকে দেওয়ানহাট ব্রিজ ও নিমতলা পর্যন্ত এ আরসিসি সড়ক নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।

চসিকের প্রকৌশলীরা বলছেন, রাস্তার নিচে সুড়ঙ্গ বা ডাক্টের মাধ্যমে নগরীর বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনের মতো বিভিন্ন সেবার ইউটিলিটি লাইন নেওয়া হবে। ভবিষ্যতে লাইন মেরামত বা নতুন সংযোগের জন্য বারবার রাস্তা কাটার প্রয়োজন হবে না।

এতে যানজট, জনদুর্ভোগ এবং রক্ষণাবেক্ষণ ও সরকারি অর্থের অপচয় কমবে বলে আশা করা হচ্ছে। ভারী যানবাহন চলাচলের কারণে বিটুমিনের সড়ক দ্রুত নষ্ট হওয়ায় এটি টেকসই আরসিসি সড়ক হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ডাক্টের ভেতর দিয়ে বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার পানি, টেলিফোন, ইন্টারনেট ও কেবল সংযোগের তার বা পাইপ নেওয়া হবে।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, গণপূর্ত অধিদপ্তর এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ধরনের ডাক্ট সিস্টেম চালু করা সম্ভব হলে ভবিষ্যতে বিভিন্ন সেবা সংস্থার লাইন মেরামত বা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। ডাক্টের ভেতর থেকেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। এতে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন দেশবার্তাকে বলেন, দেশে প্রথমবারের মতো এ ধরনের ডাক্ট সিস্টেমযুক্ত সড়ক নির্মাণের পরিকল্পনা চট্টগ্রামে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নগরীর সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

তিনি বলেন, ডাক্ট সিস্টেমে রাস্তা না কেটেই মাটির নিচ দিয়ে বিভিন্ন পরিষেবা লাইন নেওয়া হবে। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, গ্যাস ও পানির লাইন যাবে সুড়ঙ্গ দিয়ে। চট্টগ্রাম বন্দর থেকে দেওয়ানহাট পর্যন্ত হতে যাওয়া এ সড়কের ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এটি হবে আরসিসি সড়ক।

জানা গেছে, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ও সমন্বয়ের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’-এর সভাপতি ও নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, চট্টগ্রাম শহরে ওয়াসা, পিডিবি, কর্ণফুলী গ্যাস ও টেলিকম সংস্থাগুলোর অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে নতুন সড়ক দ্রুত নষ্ট হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। ডাক্ট সিস্টেম চালু হলে রাস্তা না কেটেই মেরামত বা নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে।

তবে অনেকে এ প্রকল্পে সমস্যাও দেখছেন। এ ধরনের অবকাঠামো বাস্তবায়নে কিছু সম্ভাব্য অসুবিধা ও চ্যালেঞ্জ থাকতে পারে। প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, গ্যাস ও বিটিসিএলের মধ্যে কার্যকর সমন্বয় ঘটানো। কোনো একটি সংস্থা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা নকশা ঠিকমতো না দিলে পুরো প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সাধারণ রাস্তার তুলনায় ভূগর্ভস্থ ইউটিলিটি ডাক্ট সিস্টেম নির্মাণে প্রাথমিক ব্যয় অনেক বেশি হয়। চট্টগ্রামের বন্দর ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণ বা জলাবদ্ধতার সময় ডাক্টের ভেতরে পানি ঢোকা এবং রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।

চট্টগ্রামের আরেক নগর পরিকল্পনাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, আগামী ৩০ থেকে ৫০ বছরে এ এলাকার জনসংখ্যা ও শিল্পায়ন কতটুকু বাড়বে, তা হিসাব করে ডাক্টের আকার নির্ধারণ করতে হবে। জায়গা সংকুলান না হলে ভবিষ্যতে আবারও রাস্তা কাটার ঝুঁকি তৈরি হবে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানে ডাক্ট সিস্টেম সড়ক থাকলেও বাংলাদেশে এটি প্রথম হতে যাচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement