নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি সরবরাহ ও শ্রমিক নিয়োগের কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এ সংঘর্ষে নারী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে শতাধিক টেঁটাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার ইটভাটাগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ, ট্রলারে মাটি সরবরাহ ও শ্রমিক নিয়োগের কমিশন নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শর্টগানের গুলিবর্ষণ ও টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা ও জেলা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটাসহ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন জানান, ইটভাটার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও টেঁটা উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, একই এলাকার আধিপত্য ও ইটভাটাকেন্দ্রিক বিরোধের জেরে গত ১০ অক্টোবরও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছিলেন। ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুরো বক্তাবলী এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
প্রতিনিধি/আরএইচ