চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীদের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকায় আগে থেকেই পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিল শুরু করার চেষ্টা করতেই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘেরাও করে বেশ কয়েকজনকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ