খাগড়াছড়িতে ৭২০ টন চাল বরাদ্দ নিয়ে বৈষম্য ও অনিয়মের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ৭২০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ নিয়ে তোলপাড় চলছে পাহাড়ে।

2026-11-27T17:16:16+06:00
2026-11-27T17:16:16+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
খাগড়াছড়িতে ৭২০ টন চাল বরাদ্দ নিয়ে বৈষম্য ও অনিয়মের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ৭২০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ নিয়ে তোলপাড় চলছে পাহাড়ে। বরাদ্দে জাতিগত বৈষম্যের অভিযোগে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীর তীব্র প্রতিবাদ ও সমালোচনা চলছে।

অভিযোগ রয়েছে, বরাদ্দের ৯৫ ভাগই পেয়েছে একটি সম্প্রদায়। বাঙালিসহ অপর তিন সম্প্রদায়ের ভাগ্যে জুটেছে মাত্র ৫ ভাগ। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলায় মোট জনসংখ্যার ৫২ ভাগ বাঙালি সম্প্রদায় এবং চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় মিলে ৪৮ ভাগ। কিন্তু বরাদ্দপত্র ঘেঁটে দেখা গেছে, সুবিধাভোগীদের তালিকায় মারমা ৫৭ জন, চাকমা ১৭ জন, ত্রিপুরা ৩ জন ও বাঙালি ৩ জন রয়েছেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা একটি বরাদ্দপত্র খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় জেলা পরিষদের অনুকূলে ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বরাদ্দের তালিকায় বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যক্তি ও সংগঠনের নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দ দেখানো হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ভুঁইফোড় সংগঠন, ব্যক্তি ও বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট এলাকার অনেক মানুষ এসব বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না। এদিকে ইটছড়ি উচ্চবিদ্যালয়ের পাশে যাত্রীছাউনি নির্মাণে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ সেখানে যাত্রীছাউনি রয়েছে। রিতা চাকমার নামে বরাদ্দটি অনুমোদন করা হয়েছে। তিনি নিজেই প্রকল্পের কথা জানেন না বলে জানিয়েছেন।

এমনকি তালিকায় উল্লেখ করা কিছু প্রকল্প ও এলাকার বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে সরকারি খাদ্যশস্য বরাদ্দের স্বচ্ছতা, প্রকল্পের যথার্থতা এবং চাল বিতরণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায়, কোনো কোনো ব্যক্তির নামে একাধিক প্রকল্প বাস্তবায়নের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও ১০ মেট্রিক টন, কোথাও ২০ মেট্রিক টন, আবার কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পে সর্বোচ্চ ৮০ মেট্রিক টন পর্যন্ত বরাদ্দ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, কৃষি ও মৎস্য প্রকল্প, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয় উল্লেখ রয়েছে।

খাগড়াছড়ি জেলায় কুমারী টিলা নামে কোনো গ্রাম না থাকলেও প্রকল্পের তালিকায় মো. জাহাঙ্গীর আলমের নামে ২০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমকে ফোন দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, তালিকায় উল্লেখ করা কিছু ব্যক্তি, সংগঠন ও এলাকার নামে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দার কাছেই অজানা। যেসব এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব এলাকার মানুষও অনেক ক্ষেত্রে প্রকল্পের বিষয়ে কিছু জানেন না।

অভিযোগ উঠেছে, কিছু সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কার্যালয়, সদস্যসংখ্যা ও বাস্তব অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো কোনো এলাকার নাম ব্যবহার করে প্রকল্প দেখানো হলেও সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে তার সুস্পষ্ট তথ্য নেই। এতে প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া চাল প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বরাদ্দ তালিকায় একাধিক ব্যক্তির নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দের তথ্য রয়েছে। এসব প্রকল্পের যৌক্তিকতা, বাস্তবায়নযোগ্যতা এবং উপকারভোগীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রশ্ন, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা অনুসরণ করা হয়েছে? আবেদনকারীদের প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়েছিল কি না? প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হয়েছে কি না? একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা কী?

বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া চাল যদি প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে, তাহলে এ কর্মসূচির মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, একটি চিহ্নিত গোষ্ঠী এসব খাদ্যশস্য লোপাট করেছে। তাঁরা প্রতিটি প্রকল্পের বাস্তবতা যাচাই, সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন ও কার্যক্রম পরীক্ষা এবং বরাদ্দের চালের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সহকারী সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।’

জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাউকে এক ছটাক খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে না। এ বরাদ্দগুলো পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের। এখানে জেলা পরিষদের সংশ্লিষ্টতা নেই।’

সচেতন মহলের মতে, পাহাড়ের দুর্গম এলাকার দরিদ্র মানুষের উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া চালের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন।

এ ছাড়া খাদ্যশস্য বরাদ্দের তালিকা খাগড়াছড়ি জেলা পরিষদ থেকেই মন্ত্রণালয়ে পাঠানো এবং বরাদ্দের জন্য লবিং করা হয়। সে ক্ষেত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ বরাদ্দে বৈষম্য ও খেয়ালখুশিমতো প্রকল্প জমা দেওয়ার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন খাগড়াছড়িবাসীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement