মূল্যস্ফীতি ‘নিয়ন্ত্রণে আসায়’ ভবিষ্যতে নীতি সুদহার আরো কমানোর চিন্তা করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসির তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, চার বছরের বেশি সময় মূল্যস্ফীতি ৯ শতাংশের আশপাশে থাকার পর গত কয়েক মাস ধরে তা ৮ শতাংশের ঘরে আছে। ঋণের ব্যয় কমানোর চেষ্টা চলছে এবং নীতি সুদহার ইতিমধ্যে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভবিষ্যতে আরো কমানোর চিন্তা করা যায়।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ব্যবসা পরিচালনার ব্যয় কমানো তার অগ্রাধিকারগুলোর একটি; অর্থমন্ত্রীও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন।
তার ভাষ্য, ঋণের সুদ বাড়লে ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করেন, ফলে চাপ পড়ে ভোক্তার ওপর। তাই ব্যয় কমলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই কম দামে পণ্য ও সেবা পাবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮.৩৪ শতাংশ থেকে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, এ বছরের অক্টোবরে তা কিনতে ১০৮ টাকা ২৭ পয়সা লেগেছে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এটি ছিল ৮.৩২ শতাংশ, আগস্টে ৮.২৬ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে ছিল ৯.১৬ শতাংশ।
গভর্নর জানান, বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, গত ১০ বছরে প্রতিবেশী ও সমপর্যায়ের দেশগুলোতে গড়ে ৪০ শতাংশ অবমূল্যায়নের বিপরীতে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ।
তিনি আরও জানান, লেনদেন স্বয়ংক্রিয় করতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেখানে ক্রেতা-বিক্রেতার পরিচয় দেখা যাবে না, ফলে কারসাজির সুযোগ থাকবে না। নিলাম প্রক্রিয়ার এ ব্যবস্থা এক মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। এতে বাজারে বিদেশি মুদ্রার প্রকৃত বিনিময় হার পাওয়া যাবে বলে তার মত।
অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান অর রশিদ।
দেশবার্তা/আরএম